চাকরির পরীক্ষায় English Literature অংশে ভালো করার সেরা ৫টি টিপস

বর্তমানে বেশিরভাগ চাকরির পরীক্ষায় ‘ইংরেজি সাহিত্য’ (English Literature) অংশটি রাখা হয়। বিশেষত, বিসিএস, ব্যাংক, প্রাইমারিসহ মূলধারার সরকারি চাকরি পরীক্ষায় অন্তত ১০-১৫ নম্বরের English Literature থেকে প্রশ্ন থাকবেই। মজার ব্যাপার হলো, এই সাবজেক্টে খুব কম সময় ও শ্রম দিয়েই ‘ইংরেজি সাহিত্য’ অংশে ভালো করা। 

তবে সাহিত্যের বিভিন্ন যুগবিভাগ, সাহিত্যকর্ম ও কবি-লেখকদের নাম নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। একটু গভীরভাবে পড়াশোনা করলে এবং প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারলে সাহিত্য অংশ থেকেই প্রায় শতভাগ নম্বর পাওয়া সম্ভব। গতানুগতিক মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে স্মার্টলি প্রস্তুতি নিতে, চলুন জেনে নিই এমন ৫টি কার্যকর টিপস। 

১। যুগ বিভাজন ও কবি-লেখকদের যুগভিত্তিক তালিকা তৈরি করুন

ইংরেজি সাহিত্যের বিশাল ইতিহাস দেখে যেকোনো পরীক্ষার্থী শুরুতে ভয় পেতে পারেন। এর সহজ সমাধান হলো পুরো ইতিহাসকে যুগের ক্রমানুসারে সাজিয়ে নেওয়া। অনেক পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে- “Alexander Pope কোন যুগের কবি?” বা “ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়কাল কত?”। তাই Old English Period থেকে Modern Period পর্যন্ত প্রতিটি যুগের সমাজ ব্যবস্থার একটা টাইমলাইন মাথার ভেতর গেঁথে ফেলুন। কোন লেখক কোন যুগের, এই শ্রেণীবিভাগটা জানা থাকলে অপশন বাদ দিয়ে সঠিক উত্তর বের করা সহজ হয়।

২। জনপ্রিয় লেখকদের তালিকা করে পড়াশোনা করুন 

ইংরেজি সাহিত্যের শত শত লেখকের সবাই পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ নন। কিছু নির্দিষ্ট লেখক আছেন যাদের থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। উইলিয়াম শেক্সপিয়র (William Shakespeare), উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (William Wordsworth), জন কিটস (John Keats), জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw), এবং লর্ড বায়রন (Lord Byron) এরকম ১০ থেকে ১২ জন ‘জনপ্রিয় লেখক’ বা প্রধান সাহিত্যিকদের একটি তালিকা তৈরি করুন। তাদের জন্ম-মৃত্যু, বিখ্যাত সাহিত্যকর্মের নাম, ছদ্মনাম, উপাধি এবং তাদের সৃষ্ট বিখ্যাত চরিত্রগুলোর নাম শিখে নিন। 

৩। সাহিত্যকর্মের প্রধান চরিত্র ও উক্তি পড়ুন 

এখন প্রশ্নে শুধু সাহিত্যকর্মের নাম নয়, নাটক বা উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র বা বিখ্যাত উক্তি জানতে চাওয়া হয়। শেক্সপিয়রের বিখ্যাত নাটক এবং অন্যান্য ক্লাসিক উপন্যাসের প্রধান চরিত্রের নাম ও তাদের বিখ্যাত উক্তিগুলো ভালো করে পড়ুন। পরীক্ষায় কোনো উক্তি তুলে দিয়ে প্রশ্ন করা হয়- এই উক্তিটি কার? বা অমুক নাটকের প্রোটাগনিস্ট/ অ্যান্টাগনিস্ট কে? এই ধরনের প্রশ্নগুলোতে ভালো করতে হলে কাহিনীর মূল থিমটা জানা থাকা দরকার।

৪। সাহিত্যের টার্মস ও টাইটেল আয়ত্ত্ব করুন 

ভাষা ও সাহিত্যের সংযোগস্থল হলো এই লিটারেরি টার্মস। এখান থেকে সরাসরি সংজ্ঞা বা উদাহরণ থেকে প্রশ্ন আসে। Metaphor, Simile, Personification, Alliteration, Irony, Soliloquy, এবং Paradox-এর মতো গুরুত্বপূর্ণ লিটারেরি টার্মগুলোর সংজ্ঞা এবং বাস্তব উদাহরণগুলো বুঝে পড়ুন। এছাড়া লেখকদের বিভিন্ন উপাধি বা টাইটেল (যেমন: Poet of Nature কে? বা Poet of Beauty কে?) খুব ভালো করে মুখস্থ রাখুন। কারণ এগুলো ফ্রি নাম্বার পাওয়ার মতো সহজ টপিক।

৫। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করুন 

সাহিত্যের অনেক তথ্যই বেশ কনফিউজিং হয়। সাহিত্যে একই নামের কবিতা বা নাটক একাধিক লেখকের হতে পারে। এই কনফিউশন দূর করার একমাত্র উপায় বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করা। বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির বিগত ২০ বছরের সাহিত্যের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়ে ফেলুন। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণের জন্য Live MCQ English Essance বইটা পড়তে পারেন। পড়ার সময় যে তথ্যগুলো বারবার প্যাঁচ লেগে যায় সেগুলোর জন্য একটি আলাদা ‘কনফিউশন চার্ট’ বা ডায়েরি বানিয়ে রাখুন। পরীক্ষার আগের রাতে এই চার্টটি রিভিশন দিলে পরীক্ষার হলে আর কনফিউশন হবে না।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *